স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে প্রাণ গেছে অন্তত ৬৪ জনের। রাজধানী মাদ্রিদ থেকে দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া যাওয়ার পথে তোলেদো প্রদেশের উর্দার কাছে এ দুর্ঘটনা হয়। লাইনটিতে নয় মাসের ব্যবধানে এটি দ্বিতীয় প্রাণঘাতী দুর্ঘটনা। দুর্ঘটনার পর বন্ধ রাখা হয়েছে মাদ্রিদের সঙ্গে সিউদাদ রিয়াল এবং আন্দালুসিয়ার মধ্যে ট্রেন চলাচল। খবর রয়াটার্সের।
বুধবার স্থানীয় সময় সকাল ৯টার পর স্পেনের মাদ্রিদ-সেভিয়া রেলপথে একই দিকে চলতে থাকা দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ হয়।
সংকেতজনিত সমস্যায় রেল অবকাঠামো ব্যবস্থাপক সংস্থা এডিআইএফের নির্দেশে থেমে ছিল বেসরকারি অপারেটর আইরিওর একটি ট্রেন। এ সময় পেছন থেকে এটিকে ধাক্কা দেয় রাষ্ট্রীয় রেল সংস্থা রেনফের আরেকটি ট্রেন।
এতে দুই ট্রেনেরই কয়েকটি বগি লাইনচ্যুত হয়। ট্রেন দুটিতে ছিলেন ৫ শতাধিক যাত্রী। এদের অনেকেই হতাহত হয়েছেন। সংকেতব্যবস্থায় কী ত্রুটি হয়েছিল তা এখনো স্পষ্ট নয়।
ট্রেনে থাকা এক যাত্রী বলেন, ‘হঠাৎ পেছন থেকে আমাদের ট্রেনে ধাক্কা লাগে। মুহূর্তেই সবকিছু উল্টেপাল্টে যায়। কয়েকজন ছিটকে পড়েন, অনেকে গুরুতর আহত হন। আমাদের ট্রেন পাঁচ-দশ মিনিট ধরে থেমে ছিল। অথচ অন্য ট্রেনটিকে থামার সংকেত দেওয়া হয়নি, এটাই সবচেয়ে অবিশ্বাস্য।’
এর আগে জানুয়ারিতে, একই রেলপথে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে প্রাণ হারান ৪৬ জন। মাত্র নয় মাসের ব্যবধানে আরও প্রাণহানিতে রেলপথের রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে।
ইউরোপীয় রেল সংস্থার তথ্য মতে, স্পেনের রেল নেটওয়ার্কের ৯০ শতাংশেই আছে উন্নত নিরাপত্তা ও নিয়ন্ত্রণব্যবস্থা। তারপরও ২০১৬ সালে দেশটিতে ৪৫ টি ট্রেন দুর্ঘটনা হয়। ২০২৪ সালে সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫৭-তে। আর ২০২৫ সালে দুর্ঘটনার সংখ্যা ছিল ৭০টি।


