কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বামপন্থী শিক্ষার্থী এবং আরএসএস-সমর্থিত অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) সমর্থকদের মধ্যে রাতভর সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে।
সিপিআই(এম)-সমর্থিত ছাত্র সংগঠন স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়ার (এসএফআই) সর্বভারতীয় সম্পাদক সৃজন ভট্টাচার্যের অভিযোগ, বুধবার রাতে যখন পরিচালনা পর্ষদের বৈঠক চলছিল, তখন এবিভিপির সমর্থকেরা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে হাঙ্গামা তৈরি করে।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, বামপন্থী সমর্থিত ছাত্র সংগঠন এবং ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি স্টুডেন্টস ইউনিয়নের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ভেতরেই গভার্নিং বডির একটি বৈঠক ডাকা হয়েছিল। ক্যাম্পাসের ভেতরে এই বৈঠকের বিরোধিতা করে প্রতিবাদ জানায় এবিভিপির সদস্যরা। পরে তা বামপন্থী শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে রূপ নেয়।
এবিভিপি সমর্থকদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে কোনো নির্বাচিত ছাত্র সংসদ না থাকার পরও বামপন্থী ছাত্র সংগঠনগুলো এই বৈঠক ডাকে।
সংঘর্ষের পর পরিস্থিতি যেন আরও নিয়ন্ত্রণের বাইরে না যায়, সে জন্য স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
এবিভিপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য শুভব্রত অধিকারী সাংবাদিকদের জানান, একাধিক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হচ্ছে।
এ ঘটনায় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ও ভবনের বাইরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়।



