ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার অভিযোগ, এসআইআরের বিরোধিতা করে কংগ্রেস, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রক্ষা করতে চাইছে।
সোমবার হায়দরাবাদে বিজেপির পদযাত্রায় অংশ নিয়ে অমিত শাহ দাবি করেন, ভোটার তালিকা থেকে বাদ পড়া ১৩ কোটি নামের মধ্যে প্রায় ৬ কোটি ২৫ লাখ মানুষ ঠিকানা বদলেছেন, ৩ কোটি মানুষ মারা গেছেন ও প্রায় ১ কোটি নাম একাধিকবার রয়েছে।
বাকি ৩ কোটি ভোটারের কোনো অস্তিত্ব নেই, তারা বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে দাবি তার।
রাহুল গান্ধীর অভিযোগের জবাবে অমিত শাহ বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৪ ও ২০১৯ সালেও এসআইআর ছাড়াই জনগণের ভোটে জয়ী হয়েছেন।’
অমিত শাহের অভিযোগ, অনুপ্রবেশকারীরা কংগ্রেস ও বিরোধী জোটের ভোটব্যাংক। এসআইআরের মাধ্যমে ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।


