পোশাকশ্রমিকদের খাদ্য ব্যয় কমাতে ঢাকা, চট্টগ্রাম, সাভার ও গাজীপুরে শুরু হয়েছে বিশেষ ওএমএস কর্মসূচি। এর আওতায় একজন শ্রমিক প্রতি মাসে ৩০ টাকা দরে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। স্বল্প মূল্যে চাল পেয়ে স্বস্তি জানিয়েছে শ্রমিকেরা।
শুক্রবার সকাল থেকে সাভার ও আশুলিয়ার নির্ধারিত আটটি পয়েন্টে পোশাক শ্রমিকদের জন্য শুরু হয় বিশেষ ওএমএস কার্যক্রম।
এতে একজন শ্রমিক ৩০ টাকা কেজি দরে মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারছেন।
গাজীপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক শফি আফজালুল আলম বলেন, ‘গাজীপুরে প্রথম পর্যায়ে ৩০টি কারখানায় দেওয়া হয় ১৫০ মেট্রিক টন চাল। কারখানার ভিতরেই লাইনে দাঁড়িয়ে চাল কেনেন শ্রমিকরা।’
চট্টগ্রাম নগরীর ১০টি পয়েন্টে বিশেষ ওএমএস কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক। তিনি জানান, পোশাক শ্রমিকদের খাদ্য ব্যয় কমাতেই সরকারের এ উদ্যোগ।
নারায়ণগঞ্জের কায়েমপুর, বিসিক, আদমজী ইপিজেডসহ ১০ টি স্থানে স্বল্প মূল্যে চাল কিনতে ভিড় করেন শ্রমিকরা। চালের পাশাপাশি ডাল, তেল, আটাসহ অন্যান্য পণ্য বিক্রির দাবি জানান তারা।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির বলেন, ‘প্রাথমিকভাবে ৩ মাসের জন্য সরকার এই কার্যক্রম চালু করেছে। প্রথম দিনেই শ্রমিকদের ভালো সাড়া পাওয়া গেছে।’
নারায়ণগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. বাবুল হোসেন জানান, প্রতি শুক্রবার পোশাকশিল্পের শ্রমিকদের সাপ্তাহিক ছুটির দিনে নারায়ণগঞ্জে ১০টি খোলা ট্রাকের মাধ্যমে ৫০ টন চাল বিক্রি করা হচ্ছে। একজন পোশাক শ্রমিক মাসে একবার ১০ কেজি চাল পাবে। প্রতি কেজি চালের মূল্য ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বিকেল আড়াইটা থেকে ৫টা পর্যন্ত নির্ধারিত পয়েন্টে খোলা ট্রাকে চাল বিক্রি করা হবে।


