পারমাণবিক কর্মসূচি নিয়ে আমেরিকার সঙ্গে সম্ভাব্য চুক্তির পথে আপসের ইঙ্গিত দিয়েছে ইরান। গতকাল রোববার বিবিসিকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত-রাভানচি এমন ইঙ্গিত দেন।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী জানান, আমেরিকা নিষেধাজ্ঞা নিয়ে আলোচনায় প্রস্তুত থাকলে পরমাণু কর্মসূচির সাথে সম্পর্কিত অন্যান্য বিষয় নিয়ে আলোচনায় রাজি তেহরান। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র চুক্তি চাইছে কি না, সেটা তাদেরই প্রমাণ করতে হবে। ওয়াশিংটন আন্তরিক হলে আলোচনার পথ খুলে যেতে পারে।’
১৭ ফেব্রুয়ারি জেনেভায় দুই পক্ষের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা হবে বলে জানান ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী। এর আগে ৬ ফেব্রুয়ারির ওমানে পরোক্ষ বৈঠক হয়।
মার্কিন কর্মকর্তাদের অভিযোগ, দীর্ঘ আলোচনা প্রক্রিয়ায় আমেরিকা নয়, বরং ইরান অগ্রগতি আটকে রেখেছে। ১৪ ফেব্রুয়ারি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, প্রেসিডেন্ট ট্রাম্প চুক্তির পক্ষে থাকলেও ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছনো খুবই কঠিন।
এদিকে চুক্তিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের পাশাপাশি ইরানের সব পারমাণবিক স্থাপনা ধ্বংসের বিষয়টি অন্তর্ভুক্ত হতে হবে বলে দাবি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে এমন দাবিই জানান তিনি।



