যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা চলাকালে বিশ্বশক্তির চাপের কাছে মাথা নত করবে না ইরান। শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেওয়া এক ভাষণে এই হুঁশিয়ারি দেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
ইরানের পরমাণু অস্ত্র তৈরি ও মজুতের ক্ষমতা নিয়ে তাদের সঙ্গে চুক্তিতে যেতে চায় যুক্তরাষ্ট্র। কিন্তু চুক্তিতে পৌঁছাতে তেহরানের ওপর চাপ সৃষ্টি করার লক্ষ্যে মধ্যপ্রাচ্যে বড় ধরনের নৌবহর মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে সীমিত হামলার বিষয়টি বিবেচনা করছেন বলেও জানিয়েছেন তিনি। এরই মধ্যে সামরিক প্রস্তুতির অংশ হিসেবে শুক্রবার জিব্রাল্টার প্রণালি অতিক্রম করে ভূমধ্যসাগরে প্রবেশ করেছে বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড।
এমন সমীকরণে দাঁড়িয়ে ইরানের প্যারালিম্পিকস দলের সদস্যদের সম্মাননা দেওয়ার ঘোষণায় পেজেশকিয়ান বলেছেন, আমেরিকা যত সমস্যাই তৈরি করুক, ‘আমরা এসব সমস্যার মুখে নত হব না।’ তাঁর মতে, ‘বিশ্বশক্তিগুলো কাপুরুষের মতো একজোট হয়ে আমাদের নতজানু হতে বাধ্য করাতে চাইছে। (ইরানের অ্যাথলেটদের প্রতি) আপনারা যেমন শত প্রতিবন্ধকতার মুখেও নত হননি, আমরাও তেমনি এসব প্রতিকূলতার সামনে নত হব না।’
তেহরানের পরমাণু প্রকল্প নিয়ে চুক্তিতে পৌঁছাতে ইরান ও যুক্তরাষ্ট্র দুই পক্ষই এই মাসের শুরুর দিকে ওমানে বৈঠকে বসেছিল। দ্বিতীয় দফা বৈঠক হয় গত সপ্তাহে, সুইজারল্যান্ডে। ওয়াশিংটন ও তেহরান দুই পক্ষই বৈঠকে ইতিবাচক আলোচনা হয়েছে জানালেও কোনো সমাধানে পৌঁছাতে পারেনি তারা।
এর মধ্যে গত শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, এই সমস্যার কূটনৈতিক সমাধান ‘আমাদের হাতের নাগালেই আছে।’ এটাও বলেছেন, ‘আগামী দুই-তিন দিনের মধ্যেই’ চুক্তির একটি খসড়া চূড়ান্ত করে ওয়াশিংটনে পাঠাবে ইরান।



