ইরানের উপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা এবং পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন অবকাঠামোর যে ক্ষতি হয়েছে তা মেরামতে ব্যয় হবে ৫৮০০ কোটি ডলার। এর মধ্যে তেল ও গ্যাস অবকাঠামোর ক্ষতির আর্থিক মূল্য ৫০০০ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা ৬ লাখ ১৩ হাজার কোটি টাকারও বেশি।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নরওয়ের জ্বালানি গবেষণা কোম্পানি রিস্তাদ এনার্জি। এতে বলা হয়, ক্ষয়ক্ষতির প্রভাব শুধু ৫৮ বিলিয়ন ডলারের মধ্যেই সীমাবদ্ধ নয়। এর বৈশ্বিক প্রভাবও রয়েছে। কারণ মেরামতে নজর দিতে গেলে নতুন বিনিয়োগ পিছিয়ে পড়বে।
মধ্যপ্রাচ্যে চলমান সংকটে এরই মধ্যে বিশ্বজুড়ে বিভিন্ন জ্বালানি প্রকল্পের কাজের গতি কমেছে। এতে ভবিষ্যতের জ্বালানি সরবরাহ ও দামের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে শঙ্কা রিস্তাদ এনার্জির।
এছাড়া যুদ্ধের সবচেয়ে বড় মাশুল ইরান দিচ্ছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।



