লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় তিন পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এ তথ্য নিশ্চিত করেছেন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার নিজের এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) ইসহাক দার এ হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, তিনজন পাকিস্তানি নাগরিক নিহত এবং একজন আহত হয়েছেন। সামরিক কাজে ব্যবহৃত নয় এমন একটি বাণিজ্যিক জাহাজে হুথিদের হামলার তীব্র নিন্দা জানায় পাকিস্তান।’
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ ধরনের হামলা নিরপরাধ মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং নৌচলাচলের স্বাধীনতা, সামুদ্রিক নিরাপত্তা ও লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করে।’
ঘটনাটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে সৌদি কর্তৃপক্ষ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে পাকিস্তান।
এর আগে বুধবার ইয়েমেনের কোস্ট গার্ড নিশ্চিত করে, বাব আল-মান্দেবের কাছে একটি মালবাহী জাহাজে হামলায় ছয়জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজন জাহাজটির নাবিক। আর বাকি দুজন জাহাজটিতে উদ্ধার ও সরিয়ে নেওয়ার অভিযানে অংশ নিয়েছিলেন।
ইয়েমেন কোস্ট গার্ড এ হামলার জন্য ইরান-সমর্থিত হুথি যোদ্ধাদের দায়ী করেছে।
সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধের ঘোষণা দেওয়ার পর থেকে লোহিত সাগর উপকূলে বাণিজ্যিক জাহাজের ওপর হুথিদের একাধিক প্রাণঘাতী হামলার ধারাবাহিকতায় এটি সর্বশেষ ঘটনা।



