প্রায় তিন বছর অপেক্ষা করেও আফগানিস্তান ক্রিকেট দলের লাভ হলো না। ২০২১ সালে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলার কথা ছিল রশিদ খানদের। দেশটির নারী ক্রিকেটে তালেবান সরকারের হস্তক্ষেপের কারণে তখন সেটি বাতিল করে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। আগামী আগস্টে প্যাট কামিন্সদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলার আশায় ছিল আফগানিস্তান, সেটাও শেষ হয়ে গেল।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই আগস্টে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। আইসিসির ভবিষ্যৎ ক্রিকেট সূচিতে থাকা সিরিজটি নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে হওয়ার কথা ছিল। কিন্তু আজ হঠাৎ সেই সিরিজটি স্থগিত করেছে অস্ট্রেলিয়ার ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। কারণ হিসেবে দেখিয়েছে আফগানিস্তানে নারীদের ওপর তালেবানের দাপটকে।
এর আগে তালেবানদের কারণেই আফগানিস্তানের সঙ্গে ২০২১ সালে টেস্ট এবং ২০২৩ সালে ওয়ানডে সিরিজও স্থগিত করেছিল অজিরা। এবার টি-টোয়েন্টি সিরিজ দিয়ে যেন 'সেট' পূর্ণ করে ফেলল অস্ট্রেলিয়া!
বিবৃতিতে সিএ লিখেছে, 'এক বছর ধরে অস্ট্রেলিয়ান সরকারের সঙ্গে আমরা আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে পরামর্শ অব্যাহত রেখেছিলাম। সরকারের (অস্ট্রেলিয়া) পরামর্শ হচ্ছে, আফগানিস্তানে দিন দিন নারী ও মেয়েদের অবস্থা খারাপের দিকে যাচ্ছে। এই কারণে আমরা আমাদের আগের অবস্থানেই আছি এবং আফগানিস্তানের বিপক্ষে আমরা দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত করছি।'
‘ক্রিকেট অস্ট্রেলিয়া বিশ্বজুড়ে ক্রিকেটে নারী ও মেয়েদের অংশগ্রহণের সমর্থনে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আইসিসির সঙ্গে এ নিয়ে কাজ করে যাব, আর দ্বিপাক্ষিক সিরিজ ভবিষ্যতে আবার আয়োজন করা যায় কি না এ ব্যাপারে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে কাজ করব।’



