যাঁর কণ্ঠে হৃদয় দোলে, তিনি আরডি বর্মণ; সবার প্রিয় পঞ্চম দা। অসংখ্য বাংলা-হিন্দি গানে প্রজন্মের পর প্রজন্ম বুঁদ হয়েছে তাঁর গানে। আজ প্রয়াত এই শিল্পীর জন্মবার্ষিকী। বেঁচে থাকলে আজ বয়সে ৮৫ ছুঁতেন তিনি। বিশেষ এই দিনে প্রকাশ পাচ্ছে তাঁর সুর করা পাঁচটি অপ্রকাশিত গান নিয়ে নতুন অ্যালবাম।
‘পাঁচে পঞ্চম’ শিরোনামের এই অ্যালবামে রয়েছে একটি হিন্দি ও চারটি বাংলা গান। যেগুলোতে কণ্ঠ দিয়েছেন আশা ভোঁসলে, অমিত কুমার, কবিতা কৃষ্ণমূর্তি, কুমার শানু, স্বপ্না মুখোপাধ্যায় ও জোজো।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আজ থেকে ৪০ বছর আগে এই গানগুলোর সুর করেছিলেন আরডি বর্মণ। কিন্তু নানা ঘটনাচক্রে সেই সমস্ত গান কখনো মুক্তির আলো দেখেনি, এবার তাঁর সেই অপ্রকাশিত গানগুলোই প্রকাশ পাচ্ছে।
নতুন অ্যালবামটিতে ‘চোখে চোখে’ শিরোনামের একটি গান গেয়েছেন কুমার শানু ও আশা ভোঁসলে। ‘ভালোবাসা ভালোবাসা’ গেয়েছেন কবিতা কৃষ্ণমূর্তি। আশা ভোঁসলে এককভাবে গেয়েছেন ‘খেলিস কেন দিদিভাই’। এ ছাড়া অমিত কুমার ও স্বপ্না মুখোপাধ্যায়ের কণ্ঠে ‘আমি তুমি দুজনাতে’ নামের একটি গান রয়েছে। আর ‘তেরা দিল মেরা হুয়া’ হিন্দি গানটি গেয়েছেন জোজো।
প্রসঙ্গত, পাঁচে পঞ্চম-এর এই গানগুলো শোনা যাবে ফ্লিক্সবাগ মিউজিকের ইউটিউব চ্যানেলে।


একবার হারিয়ে গিয়েছিলেন ভূপেন হাজারিকা
