ঈদের আগে ও পরে ১৩ দিনে সারা দেশে ২৯২টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৮১ জন। আহত হয়েছেন ৮৩৭ জন। আজ বৃহস্পতিবার রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
সংস্থাটি জানায়, ২১ মে থেকে ২ জুন পর্যন্ত দুর্ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। ১৪১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১২৪ জন নিহত হয়েছেন, যা মোট মৃত্যুর প্রায় ৪৪ শতাংশ। নিহতদের মধ্যে ৩৪ জন নারী ও ৪৮ জন শিশু রয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, নিয়ন্ত্রণ হারানো, মুখোমুখি সংঘর্ষ এবং পেছন থেকে ধাক্কা লাগা দুর্ঘটনার প্রধান কারণ।আঞ্চলিক সড়কে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে। বিভাগভিত্তিক হিসাবে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১০১ জন নিহত হয়েছেন।
সংস্থাটি নিরাপদ ও মানসম্মত গণপরিবহন বাড়ানো, রেল ও নৌপথ সম্প্রসারণ এবং সড়ক ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি সংস্কারের ওপর গুরুত্বারোপ করেছে।



