ভারতের নয়াদিল্লির মালভিয়া নগর এলাকার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত আটজন বাংলাদেশির মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় এখন পর্যন্ত ২১ জন নিহত ও ২৮ জন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এক বিবৃতিতে জানায়, আহত আট বাংলাদেশিকে ভারতের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
হাইকমিশন জানায়, তারা আহত বাংলাদেশিদের শারীরিক অবস্থার ব্যাপারে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও হাসপাতালগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে।
সাম্প্রতিক বছরগুলোতে ওই এলাকায় ঘটে যাওয়া অন্যতম ভয়াবহ অগ্নিকাণ্ডগুলোর একটি এটি।এই ঘটনায় যারা মারা গেছে, তাদের মধ্যে নয়জন ভারতীয় নাগরিক ছাড়াও মোজাম্বিক, লাইবেরিয়া, নাইজেরিয়া ও উজবেকিস্তানের নাগরিকও রয়েছেন।
মিশন আরও জানিয়েছে, দগ্ধ রোগীদের যাতে কোনো ধরনের ইনফেকশন বা সংক্রমণ না হয় এবং তারা যাতে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন, সেজন্য তাদের আত্মীয়-স্বজন ও দর্শনার্থীদের সরাসরি শারীরিক সংস্পর্শ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আহত বাংলাদেশিদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে হাইকমিশন জানিয়েছে, প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করতে তারা হাসপাতাল ও স্থানীয় প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখবে।
এদিকে, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। পাশাপাশি জরুরি সেবা সংস্থাগুলো উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
গত বুধবার দক্ষিণ নয়াদিল্লির মালভিয়া নগরের একটি ভবনে এই আগুন লাগে। ভবনটির নিচতলায় একটি রেস্তোরাঁ ও ওপরের তলাগুলোতে হোটেল ছিল।
প্রধানত আবাসিক এলাকা হিসেবে পরিচিত এই মালভিয়া নগর শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের কাছে বেশ জনপ্রিয়। এলাকাটিতে ঘনবসতির পাশাপাশি প্রচুর দোকানপাট, খাবার হোটেল ও ছোট ছোট আবাসিক হোটেল রয়েছে।



