শনিবার (১০ আগস্ট) ছিল পরী মণির ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের (পুণ্য) জন্মদিন। ২০২২ সালের এ দিনেই তার জন্ম। বিশেষ দিনটি ঘিরে বিশেষ আয়োজন করেছিলেন নায়িকা। তবে তা কেবল শুরু বলা যায়! ছেলের এবারের জন্মদিন রাঙাতে আরও অন্যরকম উদ্যোগ নিলেন তিনি। বন্ধু ও ঘনিষ্ঠজনদের নিয়ে পাড়ি জমালেন সুন্দরবন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ আনন্দ ভক্তদের সঙ্গে ভাগ করে নেন ‘স্বপ্নজাল’খ্যাত নায়িকা। সোমবার (১২ আগস্ট) রাতে একটি ছোট্ট ভিডিও শেয়ার করেন তিনি।
যেখানে দেখা যায়, ২০-২২ জনের একটি দল নিয়ে সুন্দরবন রওনা হচ্ছেন তাঁরা। ভিডিওটিতে পুণ্যকে সবাই জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।
এ সময় বেশ হাস্যোজ্জ্বল লেগেছে পরী মণিকে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জীবনটা ভালোই যায়, যখন এভাবে একটু লোকালয় ছেড়ে জঙ্গলে যাওয়া যায়!’
এর আগে ঢাকাতেই ছেলের জন্মদিনের কেক কাটেন নায়িকা। এদিন সুন্দরবনের থিমে ছিল জন্মদিনের আয়োজন। বনের সাজে সেজে উঠেছিল অনুষ্ঠান প্রাঙ্গণ। যেখানে বাঘের মতো ডোরাকাটা পোশাকে দেখা মেলে পরী মণি পুত্রের।
প্রসঙ্গত, ঢালিউড তারকা দম্পতি অভিনেতা শরীফুল রাজ ও পরী মণির একমাত্র ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য। মা ছেলেকে পুণ্য বলেই ডাকে। বিচ্ছেদের পর পরী মণির কাছেই থাকছে সে।


গলাটা ধরে আসছে কান্নায়: পরী মণি
