দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিমকে বাসায় ঢুকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ডেভেলপার কোম্পানির সঙ্গে দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।
বৃহস্পতিবার সকালে মহানগর আবাসিক এলাকার একটি ভবনে এই ঘটনা ঘটে। পুলিশ বলছে, সন্ত্রাসীদের একটি দল এই হত্যাকাণ্ডে জড়িত।
পরিবারের সদস্যরা জানান, প্লিজেন্ট প্রোপার্টিজ নামে একটি কোম্পানির সঙ্গে নিজেদের জমিতে নির্মিত ভবনে ফ্ল্যাট পাওয়া নিয়ে তামিমের বিরোধ চলছিলো। এর জের ধরে, তার বাসায় আসে ২০ থেকে ২৫ জনের একটি দল। এসময় তামিমের সঙ্গে বাকবিতণ্ডা হয় তাদের। একপর্যায়ে তাঁকে পেটানো শুরু করে। পরে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয় তামিমকে। তবে, চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত তামিমের বাবা প্রকৌশলী সুলতান আহমেদ জানান, চুক্তি অনুযায়ী পাঁচটি ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার কথা ছিল অবাসন প্রতিষ্ঠানটির। দুটি ফ্ল্যাট হস্তান্তরও করা হয়। বাকি তিনটির মধ্যে একটি ফ্ল্যাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তার শ্বশুরের কাছে বিক্রি করেন প্লিজেন্ট প্রোপার্টিজ। এর জেরেই প্রাণ গেল তামিমের।
এ ঘটনায় মামলা করেছেন নিহতের বাবা। আর তিনজনকে আটক করেছে পুলিশ।



