ইনডিপেনডেন্ট টেলিভিশনের অনলাইন মাধ্যমে ‘পুলিশের পোশাকের মান নিয়ে প্রশ্ন, সরবরাহকারীর বিরুদ্ধে ব্যবস্থার ইঙ্গিত’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে নোমান গ্রুপ। ২০২৬ সালের ৩ মার্চ ওই প্রতিবেদনটি প্রকাশ হয়।
নোমান গ্রুপের প্রতিবাদলিপি
আজ রোববার নোমান গ্রুপের প্রশাসন ও মানবসম্পদ বিভাগ থেকে পাঠানো প্রতিবাদলিপিতে বলা হয়েছে, উক্ত সংবাদে কল্পনাপ্রসূতভাবে দাবি করা হয়েছে যে, পুলিশের পোষাকের সরবরাহকারী প্রতিষ্ঠান অর্থাৎ নোমান গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান নিম্নমানের পোষাক সরবরাহ করেছে যা সম্পূর্ণ মিথ্যা, অবাস্তব, ভিত্তিহীন, মানহানিকর। নোমান গ্রুপ উক্ত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
এতে বলা হয়, প্রকৃতপক্ষে নোমান গ্রুপ পুলিশের পোষাকের কাপড় তৈরিতে তাদের দেওয়া কারিগরি নির্দেশ অনুযায়ী সর্বোচ্চ গুনগত মান নিশ্চিত করে কাপড় উৎপাদন করে পরবর্তীতে ল্যাব পরীক্ষায় সকল প্যারামিটার সঠিক পাওয়ার পর পুলিশকে কাপড় সরবরাহ করেছে; কাপড়ের মানের কোন ঘাটতি পাওয়া যায়নি।
ইনডিপেনডেন্ট কর্তৃপক্ষের বক্তব্য
প্রতিবেদনটিতে নোমান গ্রুপ সম্পর্কে দেওয়া তথ্য পুলিশের হেডকোয়ার্টার্সের তৎকালীন এআইজি (মিডিয়া) শাহাদাত হোসাইনের বক্তব্যের বরাতে দেওয়া হয়েছে। প্রকাশিত তথ্যগুলো ইনডিপেনডেন্ট অনলাইন পোর্টালের নিজস্ব কোনো বক্তব্য নয়।


