এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে এক শ রানও করতে পারেনি হংকং। যদিও সেবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করেছিল দলটি। তবে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে আবুধাবিতে বাংলাদেশকে নিজেদের সামর্থ্য দেখিয়েছে হংকং। আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের সামনে ১৪৪ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে ইয়াসিম মুর্তজার দল।
ইনিংসের শুরুর দিকে হংকংকে অল্পতেই বেঁধে রাখার স্বপ্ন দেখছিল তাসকিন-মোস্তাফিজরা। তবে নিজাকাত খানের ৪২ রান ও অধিনায়ক মুর্তজার ২৮ রানের ক্যামিও ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রান করেছে হংকং।
টস জিতে আগে ফিল্ডিং নেওয়া বাংলাদেশ ইনিংসের শুরুতেই হংকংয়ের ব্যাটসম্যানদের চেপে ধরেন। ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার অংশুমান রাথকে প্যাভিলিয়নের পথ দেখান তাসকিন আহমেদ। যদিও শুরুতে আম্পায়ার আউট দেননি। তবে উইকেটের পেছনে ক্যাচ দেওয়া রাথের উইকেটটি রিভিউ নিয়ে পেয়েছে বাংলাদেশ। দলীয় ৭ রানে প্রথম উইকেট হারায় হংকং।
দ্বিতীয় উইকেটে ক্রিজে নেমে বাবর হায়াত কিছুটা আগ্রাসী ব্যাটিং করার চেষ্টা করেন। ইনিংসের পঞ্চম ওভারে তানজিদ হাসান সাকিবের বলে ডাউন দ্য উইকেটে এসে লং অন দিয়ে বিশাল ছক্কা হাঁকান। তবে এরপরের বলেই বাবরকে বোল্ড করে নিজের প্রতিশোধ নেন পেসার সাকিব।
দলীয় ৩০ রানের দ্বিতীয় উইকেট হারায় হংকং। পাওয়ার প্লেতে আসে ২ উইকেটে ৩৪ রান। মাঝ ওভারে রানের গতি বাড়ানোর চেষ্টা করে হংকং। পাওয়ার প্লেতে ১৬ বল খেলে ৫ রান করা ওপেনার জিসান আলী মাঝ ওভারে ছন্দে ফেরেন।
ইনিংসের নবম ওভারে রিশাদ হোসেনের বলে এক চার ও এক ছক্কা হাঁকিয়ে দলীয় পঞ্চাশ রান পার করেন জিসান আলী। মাঝ ওভারে রানের গতি বাড়ানোর চেষ্টায় থাকলেও বেশি দূর যেতে পারেননি এই ডানহাতি ব্যাটসম্যান। ১২তম ওভারে সাকিবের বলে ৩৪ বলে ৩০ রান করে ক্যাচ দিয়ে ফেরেন জিসান।
দলীয় ৭১ রানে ৩ উইকেট হারানো হংকং চতুর্থ উইকেট জুটি ম্যাচে ফিরে অধিনায়ক ইয়াসিম মুর্তজার ব্যাটে। ক্রিজে নেমেই আগ্রাসী ব্যাটিং শুরু করেন এই বাঁহাতি। ১৫তম ওভারেই দলীয় এক শ রান পার করেন মুর্তজা।
শেখ মেহেদী-তাসকিনদের ওপর চড়াও হয়ে বড় রানের ভিত গড়ে দেন মুর্তজা। তবে দেড় শ রানের স্বপ্ন দেখা হংকংয়ের আশা ভেঙে যায় ১৮তম ওভারে অধিনায়ক মুর্তজার রান আউটে। ১৯ বলে ২ চার ও ২ ছক্কায় ২৮ রান করে ফেরেন মুর্তজা।
দলীয় ১১৭ রানে ৪ উইকেট হারায় হংকং। এরপর শেষ দিকে নিজাকাত খানের ৪০ বলে ৪২ রানের ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রানের সংগ্রহ পায় হংকং। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন রিশাদ, তাসকিন, মোস্তাফিজ।



