বাংলাদেশে পুশইনের চেষ্টায় ব্যর্থ হয়ে সীমান্তের শূন্য রেখায় চার দিন রাখার পর ১২ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল মঙ্গলবার রাতের আধারে সীমান্ত এলাকা থেকে ওই ১২ জনকে বিএসএফ উঠিয়ে নিয়েছে বলে জানিয়েছেন সীমান্ত এলাকায় নাগরিকেরা।
এদিকে দীর্ঘ চার দিন পর যশোরের বেনাপোল সীমান্ত থেকে বিজিবি প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর বিজিবির-৪৯ ব্যাটলিয়নের অধিনায়ক গোলাম মো. সাইফুল আলম খান।
আজ বুধবার সরেজমিনে সীমান্তের একাধিক বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, গত রোববার গভীর রাতে বেনাপোল সাদিপুর সীমান্ত দিয়ে ভারত থেকে ১২ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। পুশইন চেষ্টা রুখে দেয় টহলরক বিজিবি সদস্যরা। তিন দিন পর মঙ্গলবার রাতে বিএসএফ সদস্যরা তাদেরকে উঠিয়ে নিয়ে গেছে।
যশোর বিজিবির-৪৯ ব্যাটলিয়নের অধিনায়ক গোলাম মো. সাইফুল আলম খান জানান, ভারত থেকে কোনো ধরনের পুশইন বা অনুপ্রবেশ করতে দেবে না বিজিবি। সীমান্তে কঠোর অবস্থানে আছেন তারা। তবে বেনাপোল সাদিপুর সীমান্ত দিয়ে বিএসএফ পুশইনের চেষ্টা করলে প্রতিহত করেছে বিজিবি। বাড়ানো হয় বিজিবি নজরদারি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় অতিরিক্ত বিজিবি প্রত্যাহার করা হয়েছে।



