বিশ্বকাপে গ্রুপ পর্বের লড়াইয়ে রাতে বেলজিয়ামের মুখোমুখি হবে মিশর। গ্রুপ জি’র ম্যাচটি শুরু হবে রাত ১টায়। একই গ্রুপের আরেক ম্যাচে ইরান-নিউজিল্যান্ড ম্যাচ কাল সকাল ৭টায়।
ইউরোপিয়ান পাওয়ার হাউস বেলজিয়ামের জেরেমি ডকু, কেভিন ডি ব্রুইনারা ভয়ের কারণ হতে পারে যেকোন প্রতিপক্ষের। চোট কাটিয়ে ঝরঝরে অভিজ্ঞ রোমেলু লকাকু। তাছাড়া ওনানা, কেটেলেয়ার, টিয়েলে-মানসোরা সেরা অর্জনে চোখ রাখছেন। শক্তির জানান আগেই দিয়েছে উয়েফা রেড ডেভিলরা।
বেলজিয়ামের কোচ রুডি গার্সিয়া বলেন, ‘কোন জাতীয় দলের কোচের জন্য সবচেয়ে আরাধ্যের বিষয় বিশ্বকাপ খেলা। সবটুকু উজাড় করে খেলতে চাই। ভালো শুরুর ওপর জোর দিতে চাই। আফকনে সেমিফাইনালে খেলা মিশর কঠিন প্রতিপক্ষ। এই ম্যাচেই পুরো মনোযোগ রেখেছি।’
এদিকে বেলজিয়ামকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত মিশর। দলে তরুল ফরোয়ার্ড হামজা আবদেল করিমকে নিয়ে কৌতুহল থাকবে ফুটবল বিশ্বের। সেরা পারফরম্যান্সে মুখিয়ে লিভারপুলের সাবেক ফরোয়ার্ড মোহামেদ সালাহ, আক্রমণে তার সঙ্গী ওমর মারমুশ, আকতাই আবদাল্লাহ। রামি রাবিয়া, হামদি ফাথি, ইয়াসের ইব্রাহিমদের ডিফেন্স ভাঙ্গা সহজ হবে না মোটেও। দল নিয়ে আত্মবিশ্বাসী কোচ হোসাম হাসান।
মিশর কোচ হোসাম হাসান, ‘বেলজিয়াম দলটি অসাধারাণ, তারকা ভরা। এই দলের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। সারা বিশ্ব জানে ওদের সামর্থ্য সম্পর্কে। তবে আমাদের এই দলটি সোনালী প্রজন্মের। সালাহ ছাড়াও দলে প্রতিভাবান অনেক খেলোয়াড় রয়েছে, আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে চাই।’
বিশ্বকাপে এবার নানা কারণে বিশেষ আলোচনায় ও নজরে থাকবে ইরান। বিশেষ করে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের বিষয়টি আসছে ঘুরে-ফিরে। গ্রুপ পর্বে ইরানের তিন ম্যাচই মার্কিন ভেন্যুতে। খেলার জন্য ২৪ ঘণ্টার প্রবেশ অনুমতি। তবে দুই দেশের শান্তি চুক্তির খবর স্বস্তি বাড়াবে। নানা নিয়মে বেড়াজালে থেকেও বিশ্বকে সেরা পারফরম্যান্স দেখাতে তৈরি ইরান।
ইরানের কোচ আমির ঘালেনি বলেন, ‘ফুটবল বিভিন্ন জাতি ও সংস্কৃতির সঙ্গে সম্পর্ক তৈরি করে। জয়-পরাজয় আলাদা বিষয়, খেলাটাই আনন্দের। যে পরিস্তিতি আমাদের জন্য তৈরি করা হয়েছে সেটা আমাদের মনোযোগে ব্যাঘাত তৈরি করেছে। তারপরও খেলোয়াড়দের টেকনিক্যাল বিষয়গুলোতে রাখার চেষ্টা করছি।’
শক্তি-দূর্বলতার বিচারে ইরান থেকে ঢের পিছিয়ে র্যাঙ্কিংয়ে ৮৫ নম্বরে থাকা নিউজিল্যান্ড। ১৬ বছর পর আবারো বিশ্ব আসরে খেলছে। ইরানের ভূ-রাজনৈতিক টানাপোড়েনের সুযোগ নিতে পারে নিউজিল্যান্ড। জেসি ল্যান্ডল, বেন ওয়েন ,ক্রিস উডরাও নিজেদের দিনে অপ্রতিরোধ্য হওয়ার ক্ষমতা রাখেন।



