নেদারল্যান্ডসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে জাপান। দুইবার পিছিয়ে পড়েও দারুণ কামব্যাক এশিয়ার দেশটির।
এভাবেও ফিরে আসা যায়! ডাইচি কামাডার শেষ মুহূর্তের গোলে নেদারল্যান্ডসের বিপক্ষে হার এড়াল জাপান। ডাচ প্লেয়ারদের প্রায় সবার উচ্চতা ৬ফিটের ওপরে। তাদের ফাঁকি দিয়ে যেভাবে হেডারে গোল করলেন কামাডা, তা অবিশ্বাস্য। দলটির কামব্যাকের এমন সামর্থ্যের কারণেই বলা হয়, নেভার রাইট অফ জাপান।
ম্যাচের শুরু থেকেই লড়াই হয়েছে সমানে সমান। তবে প্রথমার্ধে কোনো গোল হয়নি। বিরতির পর পরই ফন ডাইকের গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। সমতায় ফিরতে খুব বেশি সময় নেয়নি জাপান। নাকামুরার গোলের অল্প কিছুক্ষণ পর আবারো ডাচদের গোল। এবার নেদারল্যান্ডসকে লিড এনে দেন সামারভিল।
ডাচরা যখন নিশ্চিত জয়ের প্রহর গুণছে, তখন শেষ মুহূর্তের গোলে কমলা শিবিরকে নিস্তব্ধ করে দেয় জাপান। নেদারল্যান্ডসের বিপক্ষে জাপানের এই ড্রয়ে, জমে উঠেছে এফ গ্রুপের সমীকরণ।



