চট্টগ্রাম মহানগরীতে ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেটে চাঁদা দাবির পর হামলা, ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটপাটের ঘটনায় ৮ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব।
বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সংবাদ সম্মেলন করে জানায়, ঘটনার পর চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তারা এবং র্যাব ৮ জনকে গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় নেতৃত্বদানকারী ও জড়িত বাকিদের গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে বলে জানায় পুলিশ।
গত সোমবার নগরীর বাকলিয়া এলাকায় ডিজিটাল ডট নেট–ডিডিএন নামের একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালিয় ৩৫ লাখ টাকা লুট করে দুর্বৃত্তরা।
এর আগে ডেভিড ইমন পরিচয় দিয়ে ২ কোটি টাকা চাঁদা দাবি করা হয় ওই প্রতিষ্ঠানে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ৩০-৪০ জন সন্ত্রাসী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অফিসে এই তাণ্ডব চালায় উল্লেখ করে চকবাজার থানায় মামলা করা হয়।
গ্রেপ্তাররা হলো—ইউনুস, ইমরান, আকবর, সুমন, মনির, নয়ন, গিয়াস ও নাহিদ।
সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ ফয়সাল আহম্মেদ জানান, গ্রেপ্তার বিভিন্ন মামলার আসামি। তাদের অধিকাংশ বাক্লিয়া এলাকার বাসিন্দা। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।



