ভারতে চার দফায় ৩৮১টি আসনে ভোট হয়ে গেছে। এর মধ্যে শুধু গুজরাটের সুরাটে বিজেপির প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছেন, যা নিয়ে বিতর্ক সারা দেশে। ৮১ দিনের এই দীর্ঘ ভোট পরিক্রমায় মানুষের আগ্রহ একমাত্র একটি জায়গায়, তা হলো কে ক্ষমতায় আসছে? ব্যস্তসমস্ত জীবনে টি টোয়েন্টি দেখারই সময় নেই মানুষের, আর কোথায় এই টেস্ট ক্রিকেট। স্বাভাবিকভাবে ৭০ ভাগ আসনে ভোট হওয়ার পর জনগণের রায় কোন দিকে যাচ্ছে, তা জানতে চায় সবাই।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে শুরু করেছিলেন, তাতে এই আগ্রহ থাকার কথা ছিল না। গত নভেম্বরে লোকসভায় দেওয়া ভাষণে মোদি ঘোষণা দিয়েছিলেন, বিজেপি এবার একাই ৩৭০ পার করবে। আর জোট সঙ্গীদের নিয়ে সংখ্যা চার শ ছাড়িয়ে অনেক দূরে চলে যাবে। ভোট আসতে তখনো ৩-৪ মাস বাকি। তাঁর বিরোধীদের ছন্নছাড়া অবস্থা। ফলে ভারতের অধিকাংশ মানুষ, বিশেষ করে বিজেপির সমর্থকেরা ধরেই নিয়েছিলেন ২০১৪ ও ২০১৯-এর পুনরাবৃত্তি হতে চলেছে এবং তা আরও বড় আকারে।
কিন্তু লোকসভার ভোট কাছে আসতেই কেন জানি ছবিটা পাল্টাতে শুরু করল। বিশেষত কংগ্রেসের ইশতেহার প্রকাশ এবং ১৯ এপ্রিল প্রথম দফায় ভোট কম পড়ায়, একটু একটু করে ভিন্ন ভাবনা আসতে লাগল। পাল্টে গেল মোদি বিকাশ-উন্নয়ন তত্ত্ব, বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার স্বপ্ন। ফিরে এল পুরোনো অথচ কার্যকর ধারালো অস্ত্র ‘মুসলমান-বিদ্বেষ’। রাহুল গান্ধীসহ বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের কর্মসংস্থান না হওয়া, জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতি, সংবিধান বদলে দেওয়ার সঙ্কল্পের অভিযোগের জবাব এল না, এল শুধু ধর্মাশ্রিত রাজনীতির বিষবাস্প।
বিজেপি নেতারা ব্যক্তিগত আলাপে মেনে নিলেন ‘আব কি বার চার শ পার’ সম্ভব না। এটা ছিল কথার কথা। এখন ২৭২-এর ওপরে থাকলেই তাঁরা খুশি। তবে তৃতীয় দফা নির্বাচনের পর নরেন্দ্র মোদি ও তাঁর বিশ্বস্ত অমিত শাহ জোর দিয়ে বলছেন, চার শ পার করেই ছাড়ব। তবে সেই জোরের মধ্যে কোথায় যেন একটা ফাঁপা আওয়াজ জায়গা করে নিয়েছে।
নির্বাচনের ফল নিয়ে যাঁরা ভবিষ্যৎবাণী করেন, ইংরেজিতে তাঁদের সেফলজিস্ট বলে। এমনই একজন হলেন যোগেন্দ্র যাদব। তিনি গত ৩৫ বছর ধরে এই কাজ করছেন। এখন রাজনৈতিক কর্মী। আম আদমি পার্টির প্রতিষ্ঠাতাদের অন্যতম। কিন্তু কেজরিওয়ালের সাথে বিরোধে আর সেখানে থাকা হয়নি। নিজেই একটা দল গঠন করেছেন। মূলত হরিয়াণা-কেন্দ্রিক। রাহুল গান্ধীর ভারত জোড়োযাত্রার সাথী। তিনি হিন্দিভাষী রাজ্যগুলোর পাশাপাশি কর্ণাটকেও গেছেন। তিনি ও তাঁর সঙ্গীরা শুধু সাধারণ মানুষের সাথে কথা বলেছেন। কোনো সংবাদমাধ্যমের সাথে কথা বললে তিনি বলেই দেন, ‘আমি ৩৫ বছর ধরে ভোট নিয়ে ভবিষ্যদ্বাণী করছি ঠিকই, কিন্তু এখন আমি একজন রাজনৈতিক কর্মী। সুতারাং আপনারা আমার কথায় পুরোপুরি আস্থা না রেখে নিজেরাই যাচাই করুন।’
এহেন যোগেন্দ্র যাদব যখন নিজে যেচে এসে ভারতের ভোটের ফল নিয়ে কিছু বলেন, তখন গুরুত্ব দিতেই হয়। কেন তিনি যেচে এসে এ কথা বললেন তারও ব্যাখ্যা দিয়েছেন। তাঁর বক্তব্য, মোদি ও শাহরা যেভাবে আবার ‘চার শ পার’ প্রচারে নেমেছেন, বাস্তবতা তো সেটা না। তাঁর দেওয়া তথ্য প্রকাশের আগে বলে নেওয়া ভালো, ২০১৯ সালে ৫৪৩ সদস্যের লোকসভায় বিজেপি একাই পেয়েছিল ৩০৩টি আসন এবং বিজেপি জোট হিসেবে এনডিএ পায় ৩৫৩।
যোগেন্দ্র যাদব বলছেন, বিজেপি একাই এবার কমপক্ষে ৭৫টি আসন হারাবে। শুধু তামিলনাড়ু, কেরালা ও তেলেঙ্গানায় ৫টি আসন পেতে পারে। তবে সে সম্ভাবনাও ক্ষীণ। তাঁর হিসাবমতে, তৃতীয় দফার নির্বাচন শেষে বিজেপি একা সর্বোচ্চ ২৩৩ এবং এনডিএ ২৬৮ আসন পেতে পারে। তিনি বলছেন, এটা তাঁর অত্যন্ত রক্ষণশীল হিসাব। অর্থাৎ, মোদির দল ও জোটের আসন আরও কমতে পারে।
এবারে আসি ফোর পিএম নিউজের সম্পাদক সঞ্জয় শর্মা ও আলোচক রাজীব রঞ্জন সিংহের আলোচনায়। দুজনই সাংবাদিক হিসেবে ভারতের একাধিক বড় বড় টিভি চ্যানেলে কাজ করেছেন। এখন সঞ্জয় থাকেন দিল্লিতে। আর রাজীবের আবাস নাগপুরে, আরএসএস-এর সদর দপ্তর যেখানে। গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবির দেওয়া তথ্যের উল্লেখ করে রাজীব দাবি করছেন, বিজেপি নয় এনডিএ জোট পাবে মাত্র ১৯০টি আসন। অর্থাৎ, মোদির ক্ষমতায় ফেরা দুরস্থান। সঞ্জয়ের দাবি, তাঁর কাছেও আইবির এই হিসাব আছে। রাজীবের কথায়, আইবির হিসাবে পশ্চিমবঙ্গে মাত্র ৮টি আসন পাবে বিজেপি, অর্থাৎ ১০টি হারাবে। মহারাষ্ট্রে পাবে ২২টি, গতবার এনডিএ জোট হিসেবে পেয়েছিল ৪৮টির মধ্য ৪১টি।
যে যাই বলুন ৪ জুন বোঝা যাবে কে ঠিক, কে ভুল। তবে ভারতের একজন প্রবীণ সাংবাদিকের মতে বিজেপি ও কংগ্রেস মিলে ৩১০ থেকে ৩২০টি আসন পাবে। এর মধ্যে বিজেপি বেশি পেলে কংগ্রেস কম পাবে। আর কংগ্রেস বেশি পেলে বিজেপির ভরাডুবি। ভোটের পর এই দুই দলের বাইরেও আঞ্চলিক দলগুলো জোট বেঁধে সরকার তৈরি করতে পারে। তেমন নজির ভারতেই আছে।
দেখা যাক কী হয়!
লেখক: নির্বাহী সম্পাদক, ডিজিটাল বিভাগ, ইনডিপেনডেন্ট টেলিভিশন
আরও পড়ুন: