দুই মাসে ৩ ঘূর্ণিঝড়, কারণ কী

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০২:২১ পিএম

বছরের অন্য যেকোনো সময়ের চেয়ে অক্টোবর আর নভেম্বর এলেই আমাদের উপকূলে একধরনের চাপা আতঙ্ক তৈরি হয়। বাতাসের গতি বদলায়, সাগরের চেহারা পাল্টায়, আর একের পর এক ধেয়ে আসে ঘূর্ণিঝড়। এই যেমন এ বছর অর্ণব ও মুরাসুর পর হয়ে গেল ঘূর্ণিঝড় আকভান। অর্থাৎ, অক্টোবর-নভেম্বর দুই মাসে তিন তিনটি ঘূর্ণিঝড়ের দেখা মিলল বঙ্গোপসাগরে।

আবহাওয়াবিদদের বিশ্লেষণ বলছে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়গুলো মূলত বছরের দুটি সময়ে বেশি আঘাত হানে—এপ্রিল-মে এবং অক্টোবর-নভেম্বর। তবে পরিসংখ্যান বলছে, অন্যান্য মাসের তুলনায় অক্টোবর আর নভেম্বরেই এই উপকূলে ঘূর্ণিঝড়ের প্রবণতা সবচেয়ে বেশি দেখা যায়।

গত অর্ধশতাব্দিতে বাংলাদেশ উপকূলে যত ঘূর্ণিঝড় হয়েছে, তার বেশিরভাগই ঘটেছে এই দুই মাসে। কিন্তু প্রশ্ন হলো—কেন ঠিক অক্টোবর-নভেম্বরেই বঙ্গোপসাগর এতটা বেপরোয়া হয়ে ওঠে? চলুন আলোচনায় যাওয়া যাক।

 

দেশের ইতিহাসে বড় বড় যত ঘূর্ণিঝড়

অক্টোবর-নভেম্বরের ঘূর্ণিঝড়ের ভয়াবহতা বুঝতে হলে আমাদেরকে চোখ রাখতে হবে ইতিহাসের পাতায়। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ধরা হয় ১৯৭০ সালের ঝড়কে। সে বছর ১২ই নভেম্বর ভোলায় আঘাত হানা এই ঝড়ে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২২৪ কিলোমিটার। সেদিন উপকূলীয় এলাকায় ১০ থেকে ৩৩ ফুট পর্যন্ত উঁচু জলোচ্ছ্বাস হয়েছিল। এর তাণ্ডবে তছনছ হয়ে গিয়েছিল ভোলা, মাটির সাথে মিশে গিয়েছিল একের পর এক লোকালয়। 

বিশ্ব আবহাওয়া সংস্থা এটিকে সবচেয়ে শক্তিশালী সাইক্লোন হিসেবে চিহ্নিত করেছিল। তখন ঘূর্ণিঝড়ের নাম দেওয়ার প্রচলন না থাকলেও ১৯৭০-এর এই ঘূর্ণিঝড় ‘দ্য গ্রেট ভোলা সাইক্লোন’ নামে পরিচিতি পায়। প্রাণহানির সুনির্দিষ্ট পরিসংখ্যান না থাকলেও ধারণা করা হয়, ৩ থেকে ৫ লাখ মানুষ এতে মারা গিয়েছিল।

এরপর আজ থেকে প্রায় ২ দশক আগে ২০০৭ সালের ১৫ই নভেম্বর খুলনা-বরিশাল উপকূলে আঘাত হানে প্রলয়ঙ্করী সিডর। বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী ও ঝালকাঠি অঞ্চলে ঘণ্টায় ২২৩ কিলোমিটার বেগে আঘাত হানা সিডরের জলোচ্ছ্বাস ছিল ১৫ থেকে ২০ ফুট উঁচু। রেডক্রসের হিসাবে ১০ হাজার এবং সরকারি হিসেবে ৬ হাজার প্রাণহানির কথা বলা হলেও, পরবর্তীতে সাড়ে ৩ হাজারের বেশি মানুষের মৃত্যুর তথ্য উঠে আসে। ঘরবাড়ি, বনভূমি আর গবাদি পশুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

সাম্প্রতিক বছরগুলোতেও থামেনি এই ধারা। ২০১৯ সালের ১০ই নভেম্বর ১২০ কিলোমিটার গতিতে সুন্দরবন এলাকায় আঘাত হানে ঘূর্ণিঝড় বুলবুল। এতে সাতক্ষীরা ও খুলনায় সুন্দরবনের বড় ক্ষতি হলেও লোকালয়ে প্রাণহানি কম ছিল। ২০২২ সালের ২৪শে অক্টোবর রাতে পটুয়াখালীর রাঙ্গাবালী-সংলগ্ন এলাকা দিয়ে উপকূল অতিক্রম করে ঘূর্ণিঝড় সিত্রাং, যাতে ১৪টি জেলায় অন্তত ৩৫ জনের প্রাণহানির খবর পাওয়া যায়। আর ২০২৩ সালের ১৭ই নভেম্বর পটুয়াখালীতে আঘাত হানে ঘূর্ণিঝড় মিধিলি।

 

প্রথম কারণ: সমুদ্রপৃষ্ঠ ও গভীরে জমে থাকা তাপ

এবার আসা যাক মূল প্রশ্নে। কেন অক্টোবর-নভেম্বরেই ঘূর্ণিঝড় তৈরির প্রবণতা এত বেশি?

আবহাওয়াবিদদের মতে, বর্ষা মৌসুম শেষে অক্টোবর-নভেম্বরে বঙ্গোপসাগরের পানিতে তাপ জমে থাকে। ফলে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূলে থাকে। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বিবিসি বাংলাকে জানিয়েছেন, বঙ্গোপসাগরে সরাসরি সূর্যের তাপ পড়ে এবং পানি পর্যাপ্ত উষ্ণ থাকে। সাধারণত সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হলে ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়।

শুধু উপরিভাগ নয়, এই সময়ে সমুদ্রের পানির গভীরেও প্রচুর তাপ জমা হয়। আর উষ্ণ সমুদ্র থেকে তৈরি হয় প্রচুর জলীয়বাষ্প। এই জলীয়বাষ্পই ঘূর্ণিঝড়ের শক্তির প্রধান জ্বালানি হিসেবে কাজ করে। সাগরের গভীরে সঞ্চিত তাপ ঘূর্ণিঝড়কে শক্তি জোগাতে সাহায্য করে বলেই কখনো কখনো এটি ‘সিভিয়ার সাইক্লোন’ বা ‘সুপার সাইক্লোনে’ রূপ নেয়।

 

দ্বিতীয় কারণ: বাতাসের আর্দ্রতা ও অনুকূল বায়ুপ্রবাহ

শুধু তাপ থাকলেই যে সব সময় ঘূর্ণিঝড় তৈরি হবে, বিষয়টি এমন নয়। এর সাথে যুক্ত হয় আরও কিছু গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। বর্ষা শেষে অক্টোবর-নভেম্বরে বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকায় বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে যায়। পাশাপাশি আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। তা হলো ‘উল্লম্ব বায়ুপ্রবাহের পরিবর্তন’। 

সহজ করে বললে, সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি বাতাস এবং ওপরের বায়ুমণ্ডলে বাতাসের গতিবেগ ও দিকের মধ্যে যে পার্থক্য থাকে, সেটাই হলো উল্লম্ব বায়ুপ্রবাহের পরিবর্তন।

আবহাওয়াবিদদের মতে, নভেম্বর মাসে এই পার্থক্য তুলনামূলকভাবে কমে আসে। ফলে সমুদ্রপৃষ্ঠ থেকে ওপরে ওঠা বাতাসের ঘূর্ণন আর মেঘের কাঠামো সহজে ছড়িয়ে পড়ে না। এতে নিম্নচাপটি গভীর নিম্নচাপ এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সুযোগ পায়।

 

সতর্কতা ও প্রস্তুতি: সময়মতো পদক্ষেপ জরুরি

তাহলে দেখা যাচ্ছে, বর্ষা-পরবর্তী উষ্ণ পানি, গভীর সমুদ্রের সঞ্চিত তাপ, প্রচুর জলীয়বাষ্প আর অনুকূল বায়ুপ্রবাহ—এই সবগুলো বিষয় একসঙ্গে মিলে যাওয়াতেই অক্টোবর-নভেম্বরে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের দাপট বেশি দেখা যায়। এরই ধারাবাহিকতায় অক্টোবরে ঘূর্ণিঝড় অর্ণবের পর নভেম্বরে দেখা গেল মুরাসু ও আকভানের।

প্রাকৃতিক বিপর্যয়ের সাথে বাংলাদেশের সম্পর্ক নতুন কিছু নয়। প্রকৃতির এই মৌসুম বদলের খেলা আমরা থামাতে পারব না ঠিকই, কিন্তু সঠিক তথ্য, সময়মতো সতর্কতা আর আগাম প্রস্তুতি নেওয়া গেলে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি দুটোই কমিয়ে আনা সম্ভব।

মাউন্ট এভারেস্ট আর হিমালয়ে যে বরফের রাজ্য আছে, সেটাকে বলা হয় পৃথিবীর তৃতীয় মেরু। ভয়ংকর কথা হলো, এই তৃতীয় মেরু এখন প্রচণ্ড তাপে গলছে। গবেষকরা বলছেন, শুধু বরফ গলাই নয়—হিমালয় এখন এমন এক...
সাধারণত নদী-নালার পানি বাড়ে ধীরে ধীরে। দিন কিংবা সপ্তাহের টানা বৃষ্টিতে বন্যা দেখা দেয়, মানুষ নিরাপদে সরে যাওয়ার সময় পায়। কিন্তু একবার চিন্তা করুন তো, মাত্র তিন থেকে চার ঘণ্টার বৃষ্টিতে একটি শুকিয়ে...
বন্যা বলতেই আমাদের চোখে ভেসে ওঠে পানিবন্দী সমতল ভূমি। কিন্তু চিন্তা করে দেখুন তো—সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচুতে থাকা পাহাড়ি এলাকায় যখন বন্যার পানি ঘরে ঢুকে পড়ে, তখন পরিস্থিতি কতটা ভয়াবহ হয়? দেশের...
সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ কিংবা মৌলভীবাজার—বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের এই হাওর জনপদে এখন একটাই দৃশ্য: পানি আর আতঙ্ক। বছরের একমাত্র ফসল বোরো ধান যখন গোলায় তোলার সময়, ঠিক তখনই হানা দিয়েছে অকাল...
চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপিকা কান্তা শর্মার (৩৬) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে নগরীর দক্ষিণ খুলশী এলাকার নিজ বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 
আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম। ওয়েল প্রাইজ ডট কমের তথ্য অনুযায়ী, আজ ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারল ৮৮ ডলার ৭০ সেন্ট। যা গত ৩ মাসের মধ্যে সর্বনিম্ন। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের...
থ্রিলার, কমেডি, ড্রামা ঘরানার ফিল্ম–সিরিজের বাইরে ওটিটি প্ল্যাটফর্ম চরকির দর্শকদের জন্য এবার আসছে ফ্যাশন কনটেন্ট। মুক্তি পাচ্ছে তরুণদের নিয়ে আয়োজিত সময়ের আলোচিত ফ্যাশন ইভেন্ট ‘‘আরকা’স নেক্সট...
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে নতুন মুক্ত বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছে ভারত। ডিসেম্বরে স্বাক্ষর হতে যাওয়া এই এফটিএ চুক্তি ২০২৭ সালের মাঝামাঝি নাগাদ কার্যকর হতে পারে বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত ইইউর...
লোডিং...

এলাকার খবর