বরগুনায় পুলিশের দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় কেওড়া বুনিয়া ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান নশাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। শহরের টাউন হল এলাকা থেকে রোববার রাত ১০টার দিকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
বরগুনা সদর থানা-পুলিশ সূত্রে জানা যায়, বর্তমান অন্তর্বর্তী সরকারকে উৎখাত করতে গত ১০ আগস্ট জেলা আওয়ামী লীগ বরগুনা পৌর শহরে বিক্ষোভ সমাবেশ করেন। প্রতি বিপ্লবের মাধ্যমে সরকারকে উৎখাত করার হুমকি দেন। সেই ষড়যন্ত্র হিসেবে গত ১২ আগস্ট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেন। ওই কথোপকথনের ভিডিও ধারন করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়।
এমন ঘটনা দেশের প্রচলিত আইন অনুসারে রাষ্ট্রদ্রোহিতার শামিল। তাই গত ৭ অক্টোবর পুলিশ বাদী হয়ে সদর থানায় রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করে। এই মামলায় মনিরুজ্জামান নশার সম্পৃক্ততা থাকায় গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, পুলিশের দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় কেওড়া বুনিয়া ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান নসাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাঁকে আদালতে পাঠানো হবে।



