পটুয়াখালীর মহিপুরে খাপড়াভাঙ্গা নদীতে অভিযান চালিয়ে তিনটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ তিন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় বোটগুলো থেকে নিষিদ্ধ ৯টি বেহুন্দি জাল, ৬টি উইংস ও ৬টি ট্রলডোর জব্দ করা হয়।
শুক্রবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ অক্টোবর রাত ১১টার দিকে মহিপুর ব্রিজসংলগ্ন খেয়াঘাট এলাকায় কোস্ট গার্ড স্টেশন নিজামপুর ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে অভিযান চালায়। এ সময় খাপড়াভাঙ্গা নদী থেকে তিনটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ তিন জেলেকে আটক করা হয়।
আটক জেলেরা হলেন নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জব্বর ইউনিয়নের জাহাজমারা গ্রামের মো. হানিফের ছেলে মো. মাকসুদ, একই উপজেলার চর হাসান গ্রামের আনা মিয়ার ছেলে মো. বাবুল এবং লক্ষ্মীপুরের রামগতি উপজেলার (আলেকজান্ডার) শিখাগ্রামের মো. হান্নানের ছেলে মো. ফরহাদ।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন জানান, জব্দ করা বোট, জাল ও ট্রলিং সরঞ্জামসহ আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। দেশের মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


