চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জে পাকিস্তান ক্রিকেট দলের জার্সি পরে শহীদ মিনার ভাঙচুরের অভিযোগে মো. আব্দুর রহিম হৃদয় (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রশাসনের নজরে আসে।
গতকাল রোববার সন্ধ্যায় তাঁকে বামনসুন্দর বাজার থেকে গ্রেপ্তার করে জোরারগঞ্জ থানা–পুলিশ। আব্দুর রহিম উপজেলার কাটাছরা ইউনিয়নের বামন সুন্দর এলাকার শাহাব মিয়ার ছেলে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, রোববার দুপুরে আবদুর রহিম শহীদ মিনারে ভাঙচুর চালায়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিতে দেখা যায়, আবদুর রহিম পাকিস্তান ক্রিকেট দলের জার্সি পরে শহীদ মিনার ভাঙচুর করছেন।
এই ঘটনায় রোববার তাঁকে হেফাজতে নেওয়া হয়। পরে স্থানীয় মুক্তিযোদ্ধা শফিউল আলমের ছেলে নাফিজ মো. রুবাইয়াত থানায় মামলা করে। সেই মামলায় আবদুর রহিমকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান ওসি।


