নভেম্বরের মাঝামাঝি থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। কোথাও হালকা, কোথাও মাঝারি, আবার কোথাও অতি ভারী বর্ষণও হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই পরিস্থিতি আরও প্রায় দুই দিন অব্যাহত থাকতে পারে।
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে এ বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়াবিদদের মতে, বছরের এই সময়ে বঙ্গোপসাগরে লঘুচাপ, নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাত হওয়া অস্বাভাবিক নয়।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যশোরে। এ ছাড়া সাতক্ষীরায় ৬০, চাঁদপুরে ৫০, খুলনায় ৪৯ এবং ঢাকায় ১৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার ও রোববারও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
বৃষ্টির পরই শীত নামবে?
আবহাওয়াবিদ বজলুর রশীদ জানিয়েছেন, চলমান বৃষ্টির পর রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এতে সাময়িকভাবে ঠান্ডা অনুভূত হলেও একে শীতের স্থায়ী আগমন বলা যাবে না। বৃষ্টির পর তাপমাত্রা আবার বাড়তেও পারে।
তাঁর মতে, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। প্রথমে উত্তরাঞ্চলে শীতের অনুভূতি বাড়বে। ঢাকা ও দক্ষিণাঞ্চলে শীত জেঁকে বসতে আরও কিছুটা সময় লাগতে পারে।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিকও মনে করেন, শুধু বৃষ্টির কারণে শীত নামে না। নভেম্বরের শেষ দিকে দিনের দৈর্ঘ্য কমে এবং রাত বড় হতে থাকায় ধীরে ধীরে শীতের অনুভূতি বাড়ে।
কেমন হতে পারে এবারের শীত?
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিকের ধারণা, এবার বাংলাদেশে তুলনামূলক উষ্ণ শীতের সম্ভাবনা রয়েছে। গত ৩০ বছরের তুলনায় রাতের তাপমাত্রা কিছুটা বেশি থাকতে পারে। ফলে শৈত্যপ্রবাহের তীব্রতা ও স্থায়িত্ব কম হতে পারে।
তবে শৈত্যপ্রবাহের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আবহাওয়া অধিদপ্তরের নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, এ সময়ে দেশে আট থেকে দশটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে দুই থেকে তিনটি মাঝারি এবং একটি তীব্র শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে।


