চট্টগ্রামের বাঁশখালীতে একটি বন্য হাতিকে হত্যা করে দাঁত ও নখ নিয়ে গেছে শিকারিরা। হাতিটির বুকে ও পিঠে রয়েছে একাধিক ছুরিকাঘাতের চিহ্নও। বনবিভাগের ধারণা, আরও দুই থেকে তিনদিন আগে হত্যা করা হয়েছে হাতিটিকে।
আজ বুধবার সকালের পর চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের জলদী রেঞ্জের পাইরাং বিটে ৭ থেকে ৮ বছর বয়সী পুরুষ হাতিটিকে মৃত অবস্থায় পড়ে থাকার বিষয়টি জানাজানি হয়।
বনবিভাগের জলদী রেঞ্জের রেঞ্জার শাহ আলম বলেন, হাতিটির শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুই বা তিন দিন আগে হাতিটিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে।
শাহ আলম বলেন, হাতিটির পিঠে ও বুকে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, ঘটনার খবর পেয়ে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। শিকারিদের হামলায় হাতিটি মারা গেছে বলে নিশ্চিত হওয়া গেছে। কারণ, হত্যা করার পর হাতির দাঁত ও নখ কেটে নিয়ে গেছে দুবৃর্ত্তরা।
এই বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান বন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন।



