চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে আরও দুজন।
শুক্রবার দিনগত রাত ২টার দিকে উপজেলার সরল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সরল এলাকায় এ ঘটনা হয়।
নিহত যুবকের নাম মোহাম্মদ জিল্লুর রহমান। তার বাড়ি সরল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সরলের বেড়িবাঁধ এলাকায়।
পুলিশ জানায়, মাছের ঘেরের মালিকানা, নিয়ন্ত্রণ ও লাভের অংশীদারত্ব নিয়ে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার গভীর রাতে উভয় পক্ষ মুখোমুখি হলে প্রথমে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। একপর্যায়ে উভয় পক্ষ থেকে গুলিবর্ষণ শুরু হলে তিনজন গুলিবিদ্ধ হয়।
খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয় এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।



