কুমিল্লার তিতাস উপজেলায় স্থানীয় একটি সড়কের পাশ থেকে ইমতিয়াজ ওরফে রিয়াজ (৩০) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার হোমনা-গৌরীপুর আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ইমতিয়াজ ওরফে রিয়াজ বরিশাল জেলার কাজিরহাট থানার রতনপুর এলাকার দুলাল হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের সময় ওই যুবকের গলাকাটা ছিল এবং পাশে একটা রক্তমাখা ছুরি পাওয়া গেছে। পরে সিআইডির ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হলে তারা নিহত যুবকের পরিচয় শনাক্ত করে।
বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ উল্ল্যাহ বলেন, ‘ধারণা করা হচ্ছে, গতকাল রাতেই খুনের ঘটনা ঘটেছে। তার শরীরের মধ্যে শুধুমাত্র গলায় কাটা রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। যুবকের পরিচয় শনাক্ত হয়েছে। দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে পারব।’



