কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার নিখোঁজ সন্তান অপ্রতিম শাহরিয়ারের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ১ জনকে।
শনিবার দুপুরে লালমাই পাহাড়ের সালমানপুর থেকে উদ্ধার করা হয় তার মরদেহ। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. আব্দুল হাকিম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার দুপুরে বাসা থেকে আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় সপ্তম শ্রেণির ছাত্র অপ্রতিম। এরপর থেকে খোঁজ মিলছিল না তার। একদিন পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন সালমানপুর এলাকার দক্ষিণ মোড়ে লালমাই পাহাড়ের পাদদেশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে। মর্মান্তিক এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে নেমেছে শোকের ছায়া।
ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে কাজ করছেন তারা।



