উপাচার্য পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আন্দোলন ষষ্ঠ দিনে গড়িয়েছে। তবে এখনো নিজ নিজ দাবিতে অনড় আন্দোলনরত পক্ষ ও নতুন নিয়োগ পাওয়া উপাচার্য। ফলে উভয় পক্ষের আন্দোলন ও ক্লাস পরীক্ষা, একাডেমিক, প্রশাসনিক কাজ বন্ধ থাকায় অচল হয়েছে পড়েছে চুয়েট।
আজ রোববার সকাল থেকে চুয়েটের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষক কর্মকর্তা কর্মচারিরা। প্রশাসনিক ভবনের দরজা তালাবদ্ধ করে রাখা হয়।
এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো ধরনের দায়িত্ব পালন করবেন না বলে জানিয়ে দেন তারা। ফলে বন্ধ রয়েছে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম।
অন্যদিকে টানা আন্দোলনে ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে। এতে সেশনজটের শঙ্কা বাড়ছে শিক্ষার্থীদের। এমতাবস্থায় দ্রুত সরকারের পক্ষ থেকে দাবি মেনে নিয়ে সংকট সমাধানের দাবি জানান শিক্ষার্থীরা। আন্দোলন শুরুর পর থেকেই প্রধান ফটকে তালা দিয়ে রেখেছেন তারা।
শিক্ষার্থীরা বলছেন, আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহাল না করা পর্যন্ত আন্দোলন চলবে।
এদিকে চট্টগ্রামে অবস্থান করলেও দায়িত্ব প্রাপ্তির ৬ দিন পরও ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি শেখ শরিফুল আলম। ক্যাম্পাসের বাহির থেকে প্রশাসনিক দায়িত্ব পালন করছেন বলে দাবি তাঁর।



