রাজধানীর ডেমরার মাতুয়াইলে নির্মাণাধীন ভবনের তৃতীয় তলা থেকে পড়ে মো. আয়তুল (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আয়তুল ময়মনসিংহের মদনগা থানার বাহারগাঁও গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। বর্তমানে মাতুয়াইল এলাকায় ভাড়া থাকতেন তিনি।
আজ মঙ্গলবার দুপুরে সাড়ে ১২টার দিকে অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
সহকর্মী মো. জামাল জানান, তারা দুজনেই দিনমজুরের কাজ করেন। আজ সকালের দিকে মাতুয়াইলে একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত লিফটের ফাঁকা দিয়ে তিন তলা থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন আয়াতুল। পরে দ্রুত তাঁকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা–পুলিশকে জানিয়েছি।



