শরীয়তপুর-১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর বাড়িতে ভাঙচুর ও আগুন দিয়েছেন বিক্ষুব্ধ লোকজন। সোমবার দুপুরে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে চলে যাওয়ার খবর গণমাধ্যমে প্রচারিত হওয়ার পর জেলার বিভিন্ন স্থানে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
এছাড়া শরীয়তপুর পৌরসভার কাউন্সিলর বাচ্চু বেপারীর ব্যক্তিগত অফিস ও আওয়ামী লীগের ম্যুরাল অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। এসময় জেলা আওয়ামী লীগ কার্যালয়, জেলা মুক্তিযোদ্ধা কার্যালয় ও জেলা ছাত্রলীগের আহবায়কের ব্যত্তিগত অফিস ভাঙচুর হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ার খবর গণমাধ্যমে প্রচারিত হওয়ার পর বিক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে আসেন। এরই এক পর্যায়ে বিক্ষুব্ধ লোকজন বিকেল চারটার দিকে পৌরসভার এলাকার রুপনগরে অবস্থিত আওয়ামী লীগের এমপির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এরপর শরীয়তপুর পৌরসভার কাউন্সিলর বাচ্চু বেপারী ব্যক্তিগত অফিস ও আওয়ামী লীগের মুরালে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। শরীয়তপুর সদরের বিভিন্ন এলাকায় বেশ কয়েকজন ছাত্রলীগ নেতাদের ব্যক্তিগত কার্যালয় ভাঙচুর করা হয়।
এদিকে, শরীয়তপুর শহরের ঢাকা-শরীয়তপুর মহাসড়কে বিজয় মিছিল বের করে বিক্ষুব্ধ জনতা। বেশ কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করার খবর পাওয়া গেছে।
উল্লেখ্য, শেখ হাসিনার দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়লে রাজধানী ঢাকাসহ সারা দেশে শিক্ষার্থী ও সাধারণ মানুষ রাস্তায় নেমে এসে বিজয়োল্লাস শুরু করেন। এসময় দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতাদের বাড়ি ও বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।



