একুশে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ৪৯ আসামির খালাসের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি ২৪ জুলাই। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বেঞ্চে শুনানি শেষে এ তারিখ নির্ধারণ করা হয়।
পাশাপাশি পলাতক ২ আসামির পক্ষে রাষ্ট্র কর্তৃক আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।
গত বছরের ১ ডিসেম্বর লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ড, তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন এবং ১১ জনের বিভিন্ন মেয়াদের দণ্ড মওকুফ করে রায় দেয় হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করলে ১ জুন তা মঞ্জুর করে আপিলের অনুমতি দেন প্রধান বিচারপতির নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ।
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সমাবেশে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাসহ নেতাকর্মীদের ওপর হামলা হয়। এতে দলটির নেতা-কর্মীসহ ২৪ জন নিহত হন। আহত হন কয়েকশ নেতা-কর্মী।


