নিউমার্কেট থানার টিটন হত্যা মামলায় গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে ৫ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। সোমবার বিকেলে ঢাকার সিএমএম আদালত এ আদেশ দেন।
একসময় রাজধানীর অপরাধজগতের আলোচিত নাম ছিল শেখ মোহাম্মদ আসলাম বা সুইডেন আসলাম। দীর্ঘদিন কারাবন্দি থাকার পর ২০২৪ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্ত হন তিনি।
রোববার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আবারও গ্রেপ্তার করে পুলিশ। থাই এয়ারওয়েজের ফ্লাইটে বিদেশে যেতে ইমিগ্রেশন কার্যক্রমের সময় তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে তেজগাঁও থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা ছিল।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) আকতার হোসেন জানান, ২৮ এপ্রিল নিউমার্কেট এলাকায় টিটন হত্যা মামলায় সুইডেন আসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সুইডেন আসলামের বিরুদ্ধে হত্যাসহ বেশ কিছু মামলা রয়েছে। অনেকদিন ধরেই তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। তার বিদেশযাত্রা ঠেকাতে পাসপোর্টও ব্লক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
সুইডেন আসলাম ছাড়াও জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীদের বেশিরভাগই নজরদারিতে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


