মাদারীপুরের শিবচরে ময়নাকাটা নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মো. আলিফ সর্দার (৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার সকালে স্কুল ছুটির পর বন্ধুদের সঙ্গে নদীতে নেমেছিল সে।
নিহত আলিফ সরদার শিবচর পৌর এলাকার যাদুয়ারচর গ্রামের বিপ্লব সর্দারের ছেলে ও স্থানীয় আল কারীম ইসলামি কিন্ডারগার্টেনের নার্সারি ক্লাসের ছাত্র।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ সকালে আলিফ স্কুল ছুটি শেষে বাড়িতে আসে। নাস্তা খেয়ে বন্ধুদের সঙ্গে বড়শি নিয়ে ময়নাকাটা নদীতে মাছ ধরতে যায়। মাছ ধরার সময় পা পিছলে পানিতে পড়ে যায় সে।
অন্য বন্ধুরা সাতার না জানায় আলিফকে উঠাতে পারেনি। তারা দৌড়ে গিয়ে বাড়ির লোকজনকে খবর দেয়। পরে স্থানীয় লোকজন আলিফকে পানির নিচে থেকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক আলিফকে মৃত ঘোষণা করেন।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. এম এ আজাদ বলেন, ‘বিভিন্ন পরীক্ষা–নিরীক্ষার আমরা শিশুটিকে মৃত ঘোষণা করি। হাসপাতালের আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।’



