ক্ষতিপূরণের দাবিতে মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদের ওপর নির্মাণাধীন সেতুর কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয়রা। তাদের অভিযোগ, সেতুর ৩৫ ভাগ কাজ শেষ হলেও এখনও ক্ষতিপূরণের টাকা পাননি তারা। এতে নির্ধারিত সময়ে সেতুর কাজ করা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
শিবচর উপজেলার নিলখী ইউনিয়নে আড়িয়াল খাঁ নদের ওপরে কলাতলা-নিলখী সেতুর নির্মাণ কাজ শুরু হয় ২০২৩ সালের অক্টোবরে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে সেতুর নির্মাণ ব্যয় ধরা হয় ৯৮ কোটি টাকা।
স্থানীয়দের অভিযোগ, সেতুটি নির্মাণে স্থানীয়দের জমি অধিগ্রহণ করে সরকার। সেতুর ৩৫ ভাগ কাজ শেষ হলেও জমি অধিগ্রহণের টাকা এখনও পাননি তারা। ক্ষতিপূরণ আদায়ে করতে সেতুটির এক প্রান্তে নির্মাণ কাজ বন্ধ করে দেয় স্থানীয়রা।
মাদারীপুর এলজিইডির প্রকৌশলী কে এম রেজাউল করিম বলেন, ক্ষতিগ্রস্তদের জমি অধিগ্রহণের টাকা দিতে জেলা প্রশাসনের কাছে প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করা হয়েছে।
তবে শিগগিরই ক্ষতিপূরণের টাকা দেওয়ার আশ্বাস দেন মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ আশরাফুল আলম। তিনি বলেন, ৬৭০ মিটার দীর্ঘ ও ৯ দশমিক ৮৩ মিটার প্রস্থের সেতুটির নির্মাণ কাজ ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। তবে ক্ষতিপূরণের বিষয়টির সমাধান না হলে নির্ধারিত সময়ে সেতুর কাজ শেষ হওয়া নিয়ে শঙ্কা রয়েছে। সেতুর জমি অধিগ্রহণের কিছু জমি নদীর অংশ হওয়ায় এতে সময় লেগেছে।



