মাদারীপুরের শিবচরে গাড়ি চাপায় দেবাশিষ সরদার (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ৮টার দিকে উপজেলার সূর্যনগর এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সার্ভিস রোড এই দুর্ঘটনা ঘটে।
দেবাশিষ জেলার শিবচর উপজেলার ভান্ডারিকান্দি ইউনিয়নের ক্রোকচর গ্রামের রমেশ সরদারের ছেলে।
পুলিশ জানায়, শনিবার রাত ৮টার দিকে ভাঙ্গা থেকে মোটরসাইকেল নিয়ে শিবচর যাচ্ছিলেন দেবাশিষ সরদার। এ সময় অজ্ঞাতনামা একটি গাড়ি তাকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের দাবির প্রেক্ষিতে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গাড়িটি শনাক্তের কাজ চলছে।



