সাভারের আশুলিয়া এলাকায় থেকে রুকমা খাতুন নামে এক নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে আশুলিয়ার বাইপাইল বালুর মাঠ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তাকে হত্যার পর দুবৃত্তরা মরদেহ ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
নিহত রুকমা খাতুন জামালপুর জেলার মাদারগঞ্জ থানার মাথাভাঙ্গা গ্রামের বাসিন্দা। তার স্বামী মোহাম্মদ ইউসুফ ওরফে হৃদয়। তিনি আশুলিয়ার একটি গার্মেন্টসে অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, বাইপাইল বালুর মাঠ এলাকায় এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়। পরে আশুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, এই ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া প্রাথমিকভাবে তাদের ধারণা এটি হত্যাকাণ্ড। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



