রাজধানীর শাহবাগে অটোরিকশায় করে বাসায় ফেরার পথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে স্বামী-স্ত্রী আহত হয়েছেন। এ সময় তাদের কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।
আহতরা হলেন মো. জামাল উদ্দিন ও তার স্ত্রী সামছুন্নাহার। আহত জামাল উদ্দিন জাতীয় জাদুঘরের সচিবের সাবেক পিএস ছিলেন। তিনি পরিবারসহ শাহবাগের জাতীয় জাদুঘরের স্টাফ কোয়ার্টারে বসবাস করেন।
জানা যায়, বৃহস্পতিবার সকালে শান্তিনগর থেকে বাসায় ফেরার পথে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ৩ থেকে ৪ জন ছিনতাইকারী ওই দম্পতির উপর হামলা করে। খবর পেয়ে পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বিষয়টি শাহবাগ থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।



