রাজধানীর বনানীর মহাখালী টিভি গেট এলাকার একটি বাসায় কথিত পরকীয়াজনিত বিরোধের জেরে ছুরিকাঘাতে মো. মামুন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিউটি আক্তার নামে এক নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় মামুনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
নিহত মামুনের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মালিয়াটি গ্রামে। তার বাবার নাম বাবুল আহমেদ। তিনি বাংলাদেশ রেলওয়ের একজন কর্মচারী ছিলেন বলে জানা গেছে।
মামুনকে হাসপাতালে নিয়ে আসা বাসার মালিক সুমন জানান, শুক্রবার বিউটি আক্তার ও মামুন নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে তার বাসার একটি কক্ষ ভাড়া নেন। শনিবার বিকেলে তাদের মধ্যে তর্ক-বিতর্ক ও ঝগড়ার শব্দ শুনতে পান তিনি। পরে জানতে পারেন, তারা স্বামী-স্ত্রী নন এবং তাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক ছিল।
সুমনের দাবি, একপর্যায়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা তীব্র হলে বিউটি আক্তার ধারালো অস্ত্র দিয়ে মামুনের পেটে আঘাত করেন। এছাড়া তার পুরুষাঙ্গও কেটে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। মামুনের চিৎকার শুনে বাড়ির লোকজন ঘটনাস্থলে গিয়ে বিউটি আক্তারকে আটক করে পুলিশে খবর দেন। পরে গুরুতর আহত অবস্থায় মামুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে।



