রাজধানীর সিদ্ধেশ্বরীতে আটতলা ভবন থেকে নিচে পড়ে গাজীপুর সিটি করপোরেশনের এক কর্মকর্তা নিহত হয়েছেন। পুলিশের দাবি, তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি জারি পরোয়ানা ছিল। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই পরোয়ানা কার্যকর করতে গেলে এ ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম (৫৫) হিসাব (অ্যাকাউন্টস) কর্মকর্তা ছিলেন। তিনি থাকতেন সিদ্ধেশ্বরী রোডের ৬৩/বি নম্বর র্যাংস গার্ডেন প্যালেস ভবনের একটি ফ্ল্যাটে। তার স্ত্রী রওশন আরা বেগম। একমাত্র ছেলে বর্তমানে দেশের বাইরে রয়েছেন।
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. উজ্জ্বল জানান, গাজীপুরে হওয়া একটি সিআর মামলায় (কমপ্লেইন্ট রেজিস্টার) নজরুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। সেই পরোয়ানা কার্যকর করতে রাতে পুলিশ তার বাসায় গেলে ফ্ল্যাটে তার স্ত্রীকে পাওয়া গেলেও নজরুল ইসলামকে প্রথমে খুঁজে পাওয়া যায়নি।
তিনি বলেন, পুলিশের প্রাথমিক ধারণা, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে তিনি ফ্ল্যাটের পেছনের দরজা দিয়ে বের হয়ে ভবনের বেলকনির কার্নিশে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। এছাড়া পাশের ফ্ল্যাটে যাওয়ারও চেষ্টা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এ সময় ভারসাম্য হারিয়ে তিনি আটতলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।
এসআই আরও বলেন, পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভোররাত পৌনে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটির প্রকৃত কারণ ও সার্বিক পরিস্থিতি জানতে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।



