গাজীপুরের টঙ্গীতে কাভার্ডভ্যান চাপায় রাব্বি (৮) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক শাখা সড়কের নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত রাব্বি টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তির সালামত মিয়ার ছেলে। সে রেলওয়ে শিশু বিদ্যানিকেতনের দ্বিতীয় শ্রেণিতে লেখাপড়া করতো।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে স্কুল ছুটির পর বাসার ফিরছিল রাব্বি। এ সময় নতুন বাজার এলাকায় একটি কার্ভাড ভ্যান তাকে চাপা দিলে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, ঘটনার পর কার্ভাড ভ্যান জব্দ ও চালক রাসেলকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



