মিরপুরের রাড্ডা ক্লিনিকে হামলা, ভাঙচুর ও লুটের ঘটনায় শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে লুট হওয়া দুই ট্রাক মালামাল উদ্ধার করা হয়েছে।
অভিযোগ উঠেছে, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জান্নাত ফেরদৌস মিষ্টির ছত্রছায়ায় কয়েকশো দুর্বৃত্ত ৩ ঘণ্টা ধরে ভাঙচুর-লুটপাট চালায় ক্লিনিকটিতে।
শনিবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ রাড্ডা ক্লিনিক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের জানান, রাড্ডার ঘটনায় পুলিশের গাফিলতি ছিল কিনা খতিয়ে দেখতে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। পঞ্চাশ বছরের বেশি সময় ধরে নিম্ন আয়ের মানুষকে চিকিৎসা সংক্রান্ত নানা সেবা দিয়ে আসছে রাড্ডা। মিরপুর ১ নম্বর শাখায় বৃহস্পতিবার মধ্যরাতে মুখোশ পরা দুই থেকে তিনশো লোক গিয়ে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে। পরে মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, ভ্যাকসিন, নগদ টাকা ও মালামাল লুট করে তারা। গুঁড়িয়ে দেওয়া হয় চারটি ভবনসহ পুরো স্থাপনা।
এতে এক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হওয়ার কথা জানিয়েছেন রাড্ডা এমসিএইচএফপি সেন্টারের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার।



