মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে পদ্মফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার মুসরি ভাজা বিলে এ দুর্ঘটনা হয়।
নিহত চারজনের মধ্যে দুজন অষ্টম শ্রেণি ও দুজন চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানিয়েছে, সদর উপজেলার রাজনগর গ্রামের আব্দুস সামাদের দুই মেয়ে ফাতেমা ও আফিয়া এবং শাহারুল ইসলামের মেয়ে আলিয়া ও ইসাহাকের মেয়ে মিম চারজন মিলে গ্রামের মসুরি ভাজা বিলে পদ্ম ফুল তুলতে যায়। সেখান থেকে তারা আর ফিরে আসেনি।
স্বজনরা তাদের খুঁজতে থাকে। পরে বিকেলের দিকে স্থানীয়রা বিলের পানি থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করে।
খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে পানি থেকে আরও একজনকে উদ্ধার করে। মৃত চারজনকেই পরিবারের সদস্যদের হাতে হস্তান্তর করা হয়েছে।
নিহত আফিয়া (১০) ও আলিয়া (১০) চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এবং ফাতেমা (১৪) ও মিম (১৪) অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
পানিতে ডুবে চারজনের মৃত্যুর বিয়ষটি নিশ্চিত করে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্থা (ওসি) মেজবাহ উদ্দিন জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।



