নতুন সরকার গঠন ছাড়াই শপথ নিয়েছেন ইসরায়েলের পার্লামেন্টের সদস্যরা। গত ২৭ অক্টোবরের নির্বাচনে জয়ী আইনপ্রণেতারা মঙ্গলবার শপথ নেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শপথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।
আরেক দফা নির্বাচন এড়াতে আইনপ্রনেতাদের সর্বোচ্চ চেষ্টা করার আহ্বান জানান হারজগ।
এরই মধ্যে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট যত দ্রুত সম্ভব সরকার গঠনের অঙ্গীকার করেছেন। রোববার তাকে সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়। তবে আইজেনকোট ও তার মিত্রদেরও পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নেই। ক্ষমতায় যাওয়ার জন্য প্রয়োজনীয় দলগুলোর সঙ্গে এখনো সমঝোতায় পৌঁছাতে পারেননি তিনি।
আইজেনকোট ও বেনিয়ামিন নেতানিয়াহু, দুজনই জোট গঠনে ব্যর্থ হলে ইসরায়েলে আবারও নির্বাচন হতে পারে।
এদিকে সরকার গঠনে আরব নেতৃত্বাধীন দলগুলোর ১৯টি আসন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নেতানিয়াহুর বিরোধিতায় দলগুলো আইজেনকোটের পক্ষে রয়েছে।


