ময়মনসিংহের ভালুকায় এইচএসএসি ও সমমানের পরীক্ষায় অসদুপায়ে সহযোগিতা করার দায়ে এক প্রভাষক এবং ১০ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
রোববার সকাল সোয়া ১০ টার দিকে মাহমুদপুর সাহেরা সাফায়েত কলেজে এই ঘটনা ঘটে। ভালুকা উপজেলা নির্বাহি কর্মকর্তা আলিনূর খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘এইচএসএসি পরীক্ষায় অসদুপায়ে সহযোগিতা করায় প্রভাষক সাদিকুর রহমান এবং উপজেলার মেজর ভিটা এলাকার মর্নিং সান স্কুল এন্ড কলেজের ১০ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।’
ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধিনে চার জেলায় ২৯৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯৯টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবছর ৭৮ হাজার ৩৯৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছেন। যা গতবারের চেয়ে ১১ হাজার ৯৭৫ জন বেশি।
এবারের পরীক্ষায় ময়মনসিংহ জেলার ২৯ হাজার ৬৮২ জন, জামালপুরের ১২ হাজার ৩৪৬ জন, নেত্রকোনার ১০ হাজার ৬৬৬ জন ও শেরপুরের ৬ হাজার ৪৩২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। সকাল ১০টায় কড়া নজরদারির মধ্য দিয়ে প্রতিটি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়।
উল্লেখ্য, সিলেট বিভাগ ছাড়া সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে আজ রোববার। সিলেটের স্থগিত হওয়া ৪টি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ আগস্টের পর। তবে একসঙ্গেই ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড। সিলেট অঞ্চল ছাড়া বাকি সব বোর্ডের ১৩ লাখ ৫৪ হাজার ৯১১ জন বসছেন এই পরীক্ষায়।



