নেত্রকোণার পূর্বধলায় যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে একটি গুদামে মজুত থাকা আড়াই মেট্রিক টন ভারতীয় চিনি জব্দ করেছেন। সোমবার রাতে উপজেলার জারিয়া বাজার এলাকায় স্থানীয় বাসিন্দা আব্দুল মজিদের গুদাম থেকে এই চিনি জব্দ করা হয়।
সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের ৭৭ ব্রিগেডের ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেত্রকোণা অস্থায়ী সেনা ক্যাম্পের মেজর জিসানুল হায়দার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার রাতে জারিয়ায় একটি গুদামে সেনা ও পুলিশের যৌথ অভিযান চালানো হয়।
এ সময় সীমান্ত দিয়ে চোরাচালান হয়ে আসা ভারতীয় আড়াই হাজার কেজি চিনি জব্দ করা হয়। এই চিনির বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকা।
মেজর জিসানুল হায়দার আরও জানান, উপজেলার নাটেরকোণা গ্রামের মো. স্বপন এই চিনি গুদামে মজুত করার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। জব্দ করা চিনি পূর্বধলা থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। পুলিশ আইনগত পদক্ষেপ নিচ্ছে বলে জানান তিনি।



