বৃদ্ধা মায়ের ভরণপোষণ না দেওয়া এবং তার জমি নিজের নামে লিখে নিতে ব্যর্থ হয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় প্রকৌশলী রাশেদুল ইসলাম জাকিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া গ্রামের মৃত মোজাম্মল হক গুঠু তালুকদারের স্ত্রী রাশেদা বেগম মামলার বাদী।
এজাহারে রাশেদা বেগম অভিযোগ করেন, তার একমাত্র ছেলে রাশেদুল ইসলাম জাকির দীর্ঘদিন ধরে তার ভরণপোষণের দায়িত্ব পালন করেননি। পাশাপাশি মায়ের নামে থাকা জমি জোরপূর্বক নিজের নামে লিখে নেওয়ার চেষ্টা করেন। এতে তিনি রাজি না হলে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।
এ ঘটনায় বুধবার রাশেদা বেগম সরিষাবাড়ী থানায় ছেলে রাশেদুল ইসলাম জাকির এবং পুত্রবধূ ফাতেমাতুজ্জোহুরা স্মৃতির বিরুদ্ধে ‘পিতামাতার ভরণপোষণ আইন, ২০১৩’-এর ৫(১) ও ৫(২) ধারায় মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর রাশেদা বেগমকে গেন্দারপাড়া গ্রামের বাড়ি থেকে উদ্ধার করেন তার ভাই আহাম্মদ আল ফরিদ। পরে তাকে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীততরা ইউনিয়নের বাঁশনিয়োগী গ্রামে বাবার বাড়িতে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মায়ের দায়ের করা মামলার ভিত্তিতে বুধবার রাতে ঢাকার উত্তরা এলাকা থেকে রাশেদুল ইসলাম জাকিরকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।



