ময়মনসিংহের ত্রিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। আজ সোমবার সকালে উপজেলার বালিপাড়া রোডের ঠাকুরবাড়ির মোড়ে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন। নারীদের মধ্যে একজন হলেন–পথচারী মারিয়া বেগম (২৫)। তাৎক্ষণিকভাবে দুইজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ জানিয়েছে, সিএনজি দুর্ঘটনায় দুজন নিহত হন। এ ছাড়া সকালে রাস্তা দিয়ে হাঁটার সময় অজ্ঞাত গাড়ির চাপায় মারা যান মারিয়া বেগম। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।
ত্রিশাল থানার উপ–পরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, পৃথক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। আহতদের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, দুর্ঘটনায় নিহত দুইজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে। পিবিআইয়ের ফিঙ্গারপ্রিন্ট টিম ঘটনাস্থলে আসছে। নিহতদের পরিচয় শনাক্ত হওয়ার পর বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে। অপর একজন একই এলাকার মারিয়া বেগম।
পুলিশ জানায়, সিএনজি অটোরিকশাটি ত্রিশালের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে একটি ট্রাক নান্দাইলের দিকে যাচ্ছিল। ঠাকুরবাড়ির মোড়ে যানবাহন দুটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন মারা যায়।



